• ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬, ১৫:৪১ অপরাহ্ণ
বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে আদালতের এক বিচারক নিখোঁজ হয়েছেন। শেখ ফারহান নাদীম নামের ওই বিচারক বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। মঙ্গলবার অফিস শেষে তিনি আর বাসায় ফেরেননি। বুধবার (১৮ নভেম্বর) আদালতেও অনুপস্থিত ছিলেন তিনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তার খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আদালত কর্তৃপক্ষ।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ ফারহান নাদীম মঙ্গলবার অফিস করেছেন। এরপর আর বাসায় ফেরেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবারও তিনি আদালতে উপস্থিত হননি। পরিবারের অভিযোগ অনুযায়ী তার খোঁজ নেওয়া হচ্ছে।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় বিচারক শেখ ফারহান নাদীমের উপস্থিতির তথ্য পাওয়া যায়। এরপর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে। বিকেল ৫টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় মাস্ক পরা অবস্থায় তাকে রিকশায় যেতে দেখা গেছে বলেও জানিয়েছে সূত্রটি।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি আবুল কালাম আজাদ বলেন, মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম বুধবার আদালতে আসেননি। পরে খোঁজ নিয়ে তার নিখোঁজ থাকার বিষয়টি জানতে পারেন তারা।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ বলেন, মঙ্গলবার বিকেল থেকে বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ রয়েছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।