• ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

মেহেন্দিগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ব্যানারে আ’লীগের প্রত্যাবর্তনের চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬, ২০:৩২ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ব্যানারে আ’লীগের প্রত্যাবর্তনের চেষ্টা!

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৭ নম্বর ভাসানচর ইউনিয়নে একটি সামাজিক ও কল্যাণমূলক সংগঠনের ব্যানারে ফুটবল খেলার আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে তীব্র উত্তেজনা ও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ‘ভাসানচর কল্যাণ সমিতি’র নাম ব্যবহার করে অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত বিতর্কিত কিছু ব্যক্তি নিজেদের অপকর্ম আড়াল ও এলাকায় নতুন করে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাচ্ছেন।

স্থানীয় সূত্র ও প্রতিবাদকারীদের অভিযোগ, সংগঠনের বর্তমান পরিচালনা পর্ষদের কতিপয় ব্যক্তি এবং বিশেষ করে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির বিতর্কিত ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে। একটি সামাজিক সংগঠনের পরিচয় সামনে রেখে নিজেদের ব্যক্তিগত ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন তারা, যা সংগঠনের মূল উদ্দেশ্য ও মর্যাদাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

বিক্ষুব্ধ বাসিন্দারা জানান, ভাসানচর কল্যাণ সমিতির স্বাভাবিক ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের কোনো আপত্তি নেই। তারা চান সংগঠনটি নিজস্ব গঠনতন্ত্র, নিয়মনীতি ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হোক। কিন্তু সংগঠনের দায়িত্বে থাকা ব্যক্তিরা যদি কোনো অনিয়মে জড়িয়ে পড়েন কিংবা নিজেদের স্বার্থে একে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তবে তা মেনে নেওয়া হবে না। সামাজিক সংগঠন কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থ রক্ষা কিংবা বিতর্কিত কর্মকাণ্ড আড়াল করার ঢাল হতে পারে না।

ফুটবল আয়োজন ঘিরে রাজনৈতিক তৎপরতার অভিযোগ:

স্থানীয়দের দাবি, আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার একটি সুপ্ত পরিকল্পনা রয়েছে এই চক্রের। খেলাধুলার মতো একটি সর্বজনীন সামাজিক আয়োজনকে পুঁজি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অতীতে সংশ্লিষ্ট থাকা ব্যক্তিরা পুনরায় মাঠে নামার চেষ্টা করছেন। এর ফলে এলাকায় যেকোনো সময় বড় ধরনের রাজনৈতিক উত্তেজনা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

তথ্য-প্রমাণ প্রকাশের দাবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা:

প্রতিবাদকারীরা জোর দিয়ে বলেছেন, আবুল কালাম আজাদের ব্যক্তিগত কর্মকাণ্ড, আওয়ামী লীগের দলীয় সম্পৃক্ততা এবং ভাসানচর কল্যাণ সমিতির নাম অপব্যবহারের বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত ছবি, তথ্য-প্রমাণ ও প্রয়োজনীয় নথিপত্র রয়েছে। যথাযথ সময়ে এসব তথ্য-প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের বেশ কিছু ছবি ও প্রমাণাদি স্থানীয় পর্যায়ে জানাজানি হয়েছে।

তারা আরও বলেন, “আমরা দেশে কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চাই না; বরং প্রকৃত ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আসুক। কেউ অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কোনো সংগঠন বা খেলার পরিচয় ব্যবহার করে যেন এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে না পারে, সেজন্য প্রশাসনের দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা কামনা করছি।”

এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, “আমরা প্রতিহিংসা নয়, আইনের শাসন চাই। ভাসানচর কল্যাণ সমিতি এলাকার মানুষের কল্যাণে কাজ করুক—কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থে নয়। ৭ নং ভাসানচর ইউনিয়নের মানুষের নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।”

স্থানীয় সচেতন মহল এই ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।