নাজমুল হক মুন্না, উজিরপুর॥ বরিশালের উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের কাজ শুরুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও অভিযোগকারী পরিবারের দাবি, ভরসকাঠী গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের পরিবারের সঙ্গে নজরুল ইসলাম হাওলাদার, আলামিন ও রনির জমি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে।
অভিযোগকারীদের দাবি, মামলাধীন জমিতে কোনো পক্ষ যাতে নতুন ঘর বা স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার সেখানে নির্মাণকাজ শুরু করা হয়। এতে বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার এসআই আ. মান্নান বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণকাজ শুরুর অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত সমাধানের জন্য ভুক্তভোগী পক্ষকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।