• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

সোয়া ৯টা বাজলেই এলজিইডি অফিসে তালা, ঢুকতে পারবেন না কর্মরতরা

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ১৯:২০ অপরাহ্ণ
সোয়া ৯টা বাজলেই এলজিইডি অফিসে তালা, ঢুকতে পারবেন না কর্মরতরা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে কঠোর অবস্থানে গেছেন নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর। প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিট বাজলেই অফিসের মূল ফটকসহ ভবনের সব দরজা তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত সময় পার হতেই প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য সেখানে অবস্থান নেন। সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে যারা অফিসে প্রবেশ করতে পারেন, তারাই কেবল হাজিরা দিতে পারছেন। নির্ধারিত সময়ের পর কেউ এলে তাকে হাজিরা খাতায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। তবে ঠিকাদারসহ সংশ্লিষ্টদের কাজের সুবিধার্থে সকাল ১০টার দিকে আবার ফটক খুলে দেওয়া হয়।

অফিসে দেরিতে আসা উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান হোসেন বাপ্পি বলেন, সকালে কিছুটা দেরি হয়ে যাওয়ায় তিনি সময়মতো প্রবেশ করতে পারেননি। তবে এ ধরনের উদ্যোগ কর্মকর্তাদের সময়মতো অফিসে আসতে বাধ্য করছে বলে তিনি মনে করেন।

নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকা বাধ্যতামূলক। সেই নির্দেশনা কার্যকর করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, নির্ধারিত সময়ের পর কেউ যেন হাজিরা দিতে না পারেন, সে কারণেই ৯টা ১৫ মিনিটে দরজা বন্ধ রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, দেরিতে আসা কর্মকর্তাদের এরই মধ্যে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। আর যেসব কর্মকর্তা নির্ধারিত সময়ের পর আসছেন, তাদের বিরুদ্ধে লিখিতভাবে শোকজ করার প্রক্রিয়াও শুরু করা হবে।