বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক ছাত্রীকে আটকে রেখে যৌন হয়রানি এবং তার সহপাঠীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পবিপ্রবির শিক্ষার্থী (২০) তার সহপাঠীর (২৩) সঙ্গে দক্ষিণ দুমকির জামেয়া দাখিল মাদ্রাসা সড়কে ঘুরতে যান। এ সময় রিফাত তালুকদারের নেতৃত্বে ৫-৬ জন তাদের পথরোধ করে আটক করেন।
অভিযোগে বলা হয়, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ছাত্রীর সহপাঠীকে মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আলাদা স্থানে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ বিভিন্নভাবে যৌন হয়রানি করা হয়।
ঘটনার পরদিন ওই ছাত্রীবাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। মামলায় রিফাত তালুকদারসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কিছু বখাটে যুবকের উৎপাত রয়েছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।