বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০৩ পিস ইয়াবাসহ ফয়সাল মুবিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
সোমবার (২০ এপ্রিল) সকালে নগরীর নিউ সার্কুলার রোড এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা কার্যালয়, বরিশালের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টায় কোতয়ালী মডেল থানাধীন সিকদার বাড়ি নিউ সার্কুলার রোডের একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে অভিযুক্ত ফয়সাল মুবিনের নিজ শয়নকক্ষ থেকে নীল রঙের জিপারযুক্ত দুটি পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, তল্লাশিকালে একটি প্যাকেটে ১০০ পিস এবং অন্য একটি প্যাকেটে ২০০ পিসসহ সর্বমোট ৩০৩ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার ইয়াবার মোট ওজন ৩০.৩০ গ্রাম। এছাড়া মাদক বিক্রির নগদ ৬,৭৩০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতার ফয়সাল মুবিন ওই এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।