• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে আলোচিত আনিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত মে ৭, ২০২৬, ১৯:৩৫ অপরাহ্ণ
বরিশালে আলোচিত আনিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে নারী শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মাইনুল ইসলাম হিমুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে বরিশালের উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দুপুরে র‍্যাব-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার মাইনুল ইসলাম হিমু (৩২) ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

র‍্যাব জানায়, নিহত সানজিদা কবির আনিতা (২১)-এর সঙ্গে অভিযুক্তের প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা বাসা থেকে বোনের বাসায় যাওয়ার কথা বলে বের হন। এরপর পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন বন্ধ পান এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারেন, আনিতা অভিযুক্তের বাসায় অবস্থান করছেন। পরে খবর পেয়ে পুলিশ বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় অক্সফোর্ড মিশন প্রাইমারি স্কুল সংলগ্ন একটি ভবনের ষষ্ঠ তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত মাইনুল ইসলাম হিমু আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।