• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

চরফ্যাসনে কোস্ট ফাউন্ডেশনের উন্নয়নকাজে বাধা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

বিডিক্রাইম
প্রকাশিত মে ৭, ২০২৬, ১৯:২৪ অপরাহ্ণ
চরফ্যাসনে কোস্ট ফাউন্ডেশনের উন্নয়নকাজে বাধা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে কোস্ট ফাউন্ডেশনের বৈধভাবে ক্রয়কৃত জমিতে উন্নয়নমূলক কাজে বাধা, জমি দখলের চেষ্টা ও সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার স্থানীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোস্ট ফাউন্ডেশনের ভোলা অঞ্চলের টিম লিডার রাশিদা বেগম।

তিনি জানান, চরমানিকা ইউনিয়নে ৬৯ শতাংশ জমি ২০২১ সালে ‘চার্চ অব বাংলাদেশ’-এর কাছ থেকে ৩২ লাখ টাকায় ক্রয় করা হয়।

ওই জমিতে গত ১৮ এপ্রিল ‘কোস্ট রিসোর্স ও বালাইনাশক প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণকাজ শুরু হলে একটি স্বার্থান্বেষী মহল তাতে বাধা সৃষ্টি করে।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা গত ৬ মে সংস্থার বিরুদ্ধে “ভিত্তিহীন ও মানহানিকর” তথ্য ছড়িয়ে মানববন্ধন ও র‍্যালি করেছে এবং নির্মাণকাজে বিঘ্ন ঘটাচ্ছে।

এ ঘটনায় গত ১৯ এপ্রিল দক্ষিণ আইচা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে ১৮ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও উন্নয়নকাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।

এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। বক্তারা দাবি করেন, স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে একাধিকবার আলোচনা হলেও প্রতিপক্ষ তাদের দাবির পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী একটি সংস্থার প্রকল্পে বাধা দেওয়া “অসৎ উদ্দেশ্যপ্রণোদিত” বলেও মন্তব্য করেন তারা।

কোস্ট ফাউন্ডেশন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, উন্নয়নকাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।