কলাপাড়া প্রতিনিধি॥ এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলেও বর্তমান সরকার ধাপে ধাপে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করছে। তিনি বলেন, বালিয়াতলীর স্বনির্ভর খাল পুনর্খনন তারই একটি উদাহরণ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বালিয়াতলী এলাকায় স্বনির্ভর খাল পুনর্খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবিএম মোশাররফ হোসেন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কোদাল ধরে স্থানীয় জনগণের সহায়তায় এই খাল খনন করেছিলেন। এরপর দীর্ঘদিন খালটির আর কোনো সংস্কার হয়নি। বর্তমানে পুনর্খননের মাধ্যমে খালটি আবারও কৃষকদের কাজে লাগবে।
তিনি আরও বলেন, খালের সংরক্ষিত মিঠা পানি ব্যবহার করে দুই পাড়ের কৃষকরা সারা বছর কৃষিকাজ করতে পারবেন। বর্তমান সরকারের কৃষিবান্ধব ও বাস্তবমুখী পরিকল্পনা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউছার হামিদ। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খাল পুনর্খননকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম জানান, প্রায় সাত কিলোমিটার দীর্ঘ খালটির মধ্যে চলতি বছরে অন্তত দেড় কিলোমিটার অংশ পুনর্খনন করা হচ্ছে।