নিজস্ব প্রতিবেদক : বরিশালের সর্ববৃহৎ চিকিৎসাকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালনা কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্বকে কমিটিতে অন্তর্ভুক্ত করায় হাসপাতাল ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ২০ আগস্ট শেবাচিম হাসপাতালের পরিচালক ও পরিচালনা কমিটির সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্বাক্ষরিত অফিস আদেশে অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুকে পরিচালনা কমিটির সদস্য মনোনীত করা হয়।
নতুন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। এর আগে গত ১০ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হয়।
অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।
শিক্ষাজীবন শেষে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। মেহেন্দিগঞ্জ একতা কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করার পরবর্তীতে মুলাদী আরিফ মাহমুদ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখেন।
শিক্ষাজীবন থেকেই লেখালেখির সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমিনুল ইসলাম খসরু। দীর্ঘদিন জাতীয় দৈনিক সংগ্রামের সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা করেছেন।
বর্তমানে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রধান সম্পাদক ও জনপ্রিয় সাহিত্য পত্রিকা মুক্তবুলি’র প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। তিনি বরিশাল প্রেসক্লাবের কার্যকরী কমিটির বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন।
প্রেসক্লাবের বিভিন্ন নির্বাচনে একাধিকবার সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বরিশাল প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন।
শিক্ষকতা ও সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা, গণমাধ্যম ও সামাজিক অঙ্গনে অর্জিত অভিজ্ঞতার কারণে শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে তার অন্তর্ভুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দক্ষিণাঞ্চলের কোটি মানুষের চিকিৎসার প্রধান আশ্রয়স্থল শেবাচিম হাসপাতাল। প্রতিদিন দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে অসংখ্য রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের দুর্ভোগ কমানো, ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেবার পরিবেশ উন্নত করতে নতুন পরিচালনা কমিটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নতুন কমিটিতে অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর অন্তর্ভুক্তির মধ্য দিয়ে হাসপাতালের ব্যবস্থাপনায় শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনের অভিজ্ঞতার সমন্বয় ঘটেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এদিকে অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করায় অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন ও বরিশাল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।