বরিশালের বাবুগঞ্জে অ্যাম্বুলেন্স ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা আহতদের উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় মহাসড়ক দিয়ে বরিশালের দিকে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি দল। তারাও স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন। পরে আহত চারজনকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন বেলায়েত হোসেন বলেন, আমার অসুস্থ আম্মাকে চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে আমাদের অ্যাম্বুলেন্সের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। দ্রুতগতিতে স্পিড ব্রেকারে ধাক্কা দেওয়ার পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমার আম্মা ও আমার বোন গুরুতর আহত হয়েছেন। আমিও বুকের ওপর প্রচণ্ড ব্যথা পেয়েছি।
অপরদিকে প্রাইভেটকারের চালক মুস্তাকিম বলেন, ঢাকা থেকে বরিশালের রূপাতলীর উদ্দেশ্যে যাচ্ছিলাম। এ সময় অ্যাম্বুলেন্সটি বিপরীত পাশ থেকে এসে আমার গাড়ির সামনে ধাক্কা দেয়।
স্থানীয়রা জানান, সংঘর্ষের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনায় মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। প্রাথমিকভাবে আহতদের পরিচয় ও বিস্তারিত চিকিৎসা সম্পর্কিত তথ্য জানা যায়নি।