বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ব্রিজের যাত্রী ছাউনির ভেতরে এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী বেশ কিছুদিন ধরে রহমতপুর ব্রিজ ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ যাত্রী ছাউনির ভেতরেই তিনি সন্তান প্রসব করেন।
খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা ঘটনাস্থলে পৌঁছান। পরে নবজাতকটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
স্থানীয় ব্যবসায়ী মো. লিটন হোসেন জানান, বিষয়টি দেখতে পেয়ে তারা কাপড় ও ব্যানার দিয়ে মা ও নবজাতককে আড়াল করেন। পরে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মা ও নবজাতকের নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়।
স্থানীয়রা জানান, অসহায় ওই নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান করা জরুরি। পাশাপাশি মা ও নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা।