• ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পরিবেশ রক্ষায় এখনই আত্মঘাতী মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে-বিভাগীয় কমিশনার

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৯, ২০২৬, ১৯:২৩ অপরাহ্ণ
পরিবেশ রক্ষায় এখনই আত্মঘাতী মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে-বিভাগীয় কমিশনার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেছেন, পরিবেশ আমাদের বেঁচে থাকার মূল ভিত্তি। পরিবেশই আমাদের বিশুদ্ধ বায়ু, সুপেয় পানি, খাদ্য ও আশ্রয় নিশ্চিত করে। কিন্তু পরিবেশ দূষণ, নির্বিচারে গাছ কাটা এবং প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারের কারণে পৃথিবী আজ চরম সংকটের মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবও বিশ্বজুড়ে স্পষ্ট হয়ে উঠেছে। এই সংকট মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানো, পানির অপচয় রোধ, শব্দ দূষণ বন্ধ এবং প্লাস্টিকের ব্যবহার বর্জনের আহ্বান জানান তিনি।

‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, আধুনিক জীবনযাত্রার মোহে সমাজের শিক্ষিত মানুষরাই আজ পরিবেশের বড় শত্রু হয়ে উঠেছেন। ওয়ান-টাইম প্লাস্টিকের নির্বিচার ব্যবহার, বিলাসবহুল গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহার, শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা এবং কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে মাটি ও পানিদূষণসহ সামগ্রিক পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। এই আত্মঘাতী মানসিকতা থেকে এখনই বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিককে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবির এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক ইসরাত জাহান রিকযা। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভাগীয় কমিশনার খলিল আহমেদের নেতৃত্বে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহিলা ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।