বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে ভিক্ষুক সেজে বিধবা বৃদ্ধার ঘরে আশ্রয় নিয়ে সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা করেছে এক মা-ছেলে। এতে বাধা দেয়ায় ওই বৃদ্ধাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মক্ররোম প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে শুক্রবার (৩ জুলাই) দিবাগত মধ্যরাতে অভিযুক্ত মা ও ছেলেকে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আটকরা হলেন, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইচাগুড়ি গ্রামের বাসিন্দা রুমা বেগম ও তার ছেলে শাকিল। অন্যদিকে আহত বৃদ্ধা সাফিয়া বেগম (৭০) একই ইউনিয়নের মক্ররোম প্রতাপ গ্রামের মৃত ফুল শরিফের স্ত্রী।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সাফিয়া বেগমের এক ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করায় তিনি বাড়িতে একাই থাকতেন। গত বুধবার সন্ধ্যায় ভিক্ষুকের বেশে সাফিয়ার বাড়িতে এসে রাতের জন্য আশ্রয় চান রুমা বেগম ও তার ছেলে শাকিল। সরল বিশ্বাসে বৃদ্ধা সাফিয়া তাদের নিজের ঘরে থাকার আশ্রয় দেন।
কিন্তু মধ্যরাতে মা-ছেলে মিলে সাফিয়ার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। টের পেয়ে বৃদ্ধা চিৎকার দিলে অভিযুক্তরা ঘরে থাকা ধারালো বটি দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যায়। ওই রাতেই বৃদ্ধাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ভুক্তভোগীর ভাইয়ের ছেলে মাহবুবুর রহমান বলেন, ’ফুফু বাড়িতে একা থাকেন। এই সুযোগটাই নিয়েছে ওই অপরাধীরা। তারা যে পরিকল্পিতভাবে ভিক্ষুকের বেশে ফুফুর সরলতার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকেছে, তা পরিষ্কার।’
ভুক্তভোগীর আরেক ভাইয়ের ছেলে স্বপন জানান, তার ফুফু এখন ঢাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই ঘটনার সাথে জড়িত মা-ছেলের কঠোর শাস্তির দাবি জানান তিনি।
শনিবার (৪ জুলাই) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ‘ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার মধ্যরাতে চরমোনাই এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মা ও ছেলেকে আটক করতে সক্ষম হন তারা।’
ওসি আরও জানান, ‘এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার ভাই মো. আশরাফ আলী সিকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় আটক দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিদের শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।