বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোট ২৯ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএমপির আওতাধীন ০৪টি থানা এবং মহানগর গোয়েন্দা (ডিবি) শাখার পৃথক পৃথক টিম নগরীর বিভিন্ন এলাকায় এই বিশেষ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।
অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক উদ্ধার ও গ্রেফতার: নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি: আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক ০৬ জন আসামিকে আটক করা হয়েছে।
নিয়মিত মামলায় গ্রেফতার: পূর্বের ও নতুন রুজুকৃত নিয়মিত মামলায় ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বরিশাল মহানগর অধ্যাদেশে গ্রেফতার: মহানগর অধ্যাদেশের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়।
অন্যান্য আইনে গ্রেফতার: এছাড়া অন্যান্য আইনি অপরাধে আরও ০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএমপি সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, গ্রেফতারকৃত সকল অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
”মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বরিশাল মহানগর পুলিশের এই নিয়মিত এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএমপির কমিশনার আশিক সাঈদ।