• ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে কারাদণ্ড

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৩, ২০২৬, ২০:১২ অপরাহ্ণ
বরিশালে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে কারাদণ্ড

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড, মাহিলাড়া ও বন্দর বাজার এলাকায় বুধবার (৩ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যত্রতত্র পার্কিং করায় জরিমানা আদায়, অবৈধ স্থাপনা অপসারণ, পরিবেশ রক্ষা এবং মাদক প্রতিরোধে অভিযান চালিয়ে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রুট পারমিট বিহীন ঢাকার একটি বাস সড়ক দখল করে অবৈধ পার্কিং করায় এবং লাইসেন্স বিহীন চালকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পাশাপাশি পৌরসভার সহায়তায় অবৈধ দখল করা ছোট দোকানগুলো ভেঙে ফেলা এবং রাস্তা দখল করে থাকা কিছু ব্যাটারিচালিত ভ্যান জব্দ করে পৌরসভায় পাঠানো হয়েছে।

এছাড়া রাস্তার উপর ফল রেখে পালানো বিক্রেতার ফল জব্দ করে এতিমখানায় পাঠানো হয়েছে।

একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহায়তায় মাহিলাড়া এলাকায় মাদক প্রতিরোধে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়েছে।

পরে তাদের মধ্যে একজনকে তিন মাসের কারাদণ্ড ও অপর একজনকে সাত দিনের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র আরও জানায়, পরিবেশ ও ভোক্তা অধিকার রক্ষায় গৌরনদী বন্দর বাজার এলাকায় মূল্য তালিকা না থাকা এবং প্লাস্টিকের চালের বস্তা ব্যবহার করায় সংশ্লিষ্ট আইনে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্টেট মেহেদী হাসান জানিয়েছেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।