• ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

বরিশালে হঠাৎ ঝটিকা সফরে নৌ প্রতিমন্ত্রী, বিআইডব্লিউিটিএর অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ

বিডিক্রাইম
প্রকাশিত মে ১৯, ২০২৬, ১৫:৫৯ অপরাহ্ণ
বরিশালে হঠাৎ ঝটিকা সফরে নৌ প্রতিমন্ত্রী, বিআইডব্লিউিটিএর অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান হঠাৎ বরিশাল নৌ-বন্দর পরিদর্শন করেছেন। তিনি বিআইডব্লিউিটিএ সংশ্লিস্ট ৪টি দপ্তর ঘুরে দেখেন। এসময় অনেক স্টাফই ছিলেন না দপ্তরগুলোতে। প্রতিমন্ত্রী এ ঘটনায় অসন্তোষ প্রকাশও করেন। এ নিয়ে চাঞ্চল্য সৃস্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সোয়া ৯টায় নৌ-বন্দরে পৌছান প্রতিমন্ত্রী রাজিব আহসান।

এসময় তিনি বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। হাজিরা খাতাও খতিয়ে দেখেছেন। যারা অনুপস্থিত তাদের ক্ষেত্রে ছুটি কিংবা নানা অজুহাত দেখানো হয়েছে।

প্রতিমন্ত্রী একইভাবে অভ্যন্তরীন জাহাজ জরিপ পরিদর্শকের কার্যালয়, ড্রেজার বিভাগ এবং রেস্ট হাউজ হিমনিড়ে যান।

নির্ভরযোগ্য সূত্র মতে, প্রতিমন্ত্রী রাজিব আহসান সকাল থেকে দপ্তরগুলো ঘুরে দেখেন। কোথাও দপ্তর প্রধান উপস্থিত আবার কোথাও অনুপস্থিত। ঈদের আগে প্রতিমন্ত্রীর এমন ঝটিকা সফরে আতঙ্কিত হয়ে পড়েন কর্মকর্তারা।

জানতে চাইলে বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিএ’র সব দপ্তর দেখার জন্য এসেছেন। এটি প্রতিমন্ত্রীর ঝটিকা সফর ছিল।’

অপরদিকে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারি পরিচালক সোলায়মান হোসেন বলেন, ‘প্রতিমন্ত্রী আসন্ন ঈদকে কেন্দ্র করে কোনভাবেই যেন নৌকায় করে লঞ্চে যাত্রী না ওঠানো হয় সেদিকে নজর রাখার নিদের্শ দিয়েছেন।

বিশ্বব্যাংকের চলমান বিআইডব্লিউটিএ ভবনের কাজের গতি সম্পর্কেও জানতে চান প্রতিমন্ত্রী। এছাড়া লঞ্চগুলোতে ডিজিটাল ভাড়ার তালিকা নিশ্চিত করার তাগিদ দেন কর্মকর্তাদের।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘আমি যা দেখেছি, আপনারও একই জিনিস দেখেছেন।’ বিআইডব্লিউটিএ কর্মকর্তারা অফিসে ছিলেন না তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবেন কি না এ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।

এমন আকস্মিক পরিদর্শন আরও হবে কি না এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রায়ই আসি’।