• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত মে ১৭, ২০২৬, ১৮:৩৬ অপরাহ্ণ
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকাল থেকে রবিবার (১৭ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ১১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ রবিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া শিশু সাত মাস বয়সী নুসাইবা পটুয়াখালী সদরের বড় বিঘাইয়ের বাসিন্দা মো. কাওসার হোসেনের কন্যা। গতকাল ১৬ মে রাতে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মৃত্যুবরণ করে। এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা পৌঁছেছে ৩২ জনে। যার মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে মৃত্যু হয়েছে ২২ জনের।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা ৫৬৭৫ জন। যার মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৬১৫ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম জানান, বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব মূলত মার্চে ভয়াবহ রূপ নেয়। ইতিমধ্যে শিশুদের টিকার আওতায় আনা হয়েছে। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।