• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

লালমোহনে ১০ লাখ চিংড়ির রেণু জব্দ, আটক ৫

বিডিক্রাইম
প্রকাশিত মে ১৪, ২০২৫, ১৭:৪৭ অপরাহ্ণ
লালমোহনে ১০ লাখ চিংড়ির রেণু জব্দ, আটক ৫

আরশাদ মামুন, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলায় পাচারের সময় ১০ লাখ পিস চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। বুধবার ভোর পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীর পৃথক স্থানে মৎস্য দফতরের অভিযানে এসব চিংড়ির রেণু জব্দ ও পাচারের সঙ্গে জড়িতদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার মো. মিরাজ (২৪), মো. কবির (৩৫), মো. কামরুল (৩৩), মো. পারভেজ (২৫) এবং বোরহানউদ্দিন উপজেলার মো. ভুট্টো (৫০)। এদেরকে বুধবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের নেতৃত্বে মঙ্গলবার রাত ১০ টা থেকে বুধবার ভোর পর্যন্ত তেঁতুলিয়া নদীর পৃথকস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত চিংড়ির রেণু জনসম্মুখে নাজিরপুর মৎস্যঘাট সংলগ্ন নদীতে অবমুক্ত করা হয়। এ ছাড়া এই চিংড়ি রেণু পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সামুদ্রিক মৎস্য কর্মকর্তা আরও বলেন, পরিচালিত অভিযানে লালমোহন থানার এএসআই মো. বশির উদ্দিন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী মো. নূরনবীসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।