• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেতাগীতে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪, ১৯:১৬ অপরাহ্ণ
বেতাগীতে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বৃষ্টি উপেক্ষা করে পৌর শহরে শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় শিক্ষক নেতারা তাদের ন্যায় সংগত দাবি তুলে ধরেন।

এ দিবস উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় বেতাগী উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শিক্ষকদের শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়। এ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

বর্ণাঢ্য শোভাযাত্রার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মো: লুৎফর রহমান স্বপনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপারভাইজার মো: মাসুদুর রহমান, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: শাহীন, বেতাগী ছালেহিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মো: মোতালেব হোসেন, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আব্দুর রব খান লিটন এবং মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারি শিক্ষক মো: ফোরকান মিয়া।