• ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরগুনায় ১২ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র সাইদুর

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৬, ২০২৪, ১৫:৩০ অপরাহ্ণ
বরগুনায় ১২ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র সাইদুর

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার তালতলীতে মো. সাইদুর রহমান নামে এক মাদ্রাসাছাত্র ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে আতঙ্কে রয়েছেন তার পরিবারের সদস্যরা। ২৪ জুনের পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সাইদুর রহমান তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকার মো. মনির হাওলাদারের ছেলে। সে পার্শ্ববর্তী ছোটবগী মোহাম্মদীয়া দারুস সুন্নাত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

নিখোঁজের বিষয় সাইদুরের বাবা মো. মনির হাওলাদার গত ২ জুলাই তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন।

নিখোঁজ সাইদুরের বড় ভাই মো. আসাদুল বলেন, কোরবানি ঈদের ছুটি শেষে গত ২৪ জুন ছোট ভাইকে বাড়ি থেকে মাদ্রাসায় দিয়ে আসি। পরে শুক্রবার তার জন্য খাবার নিয়ে মাদ্রাসায় গেলে শিক্ষকরা জানায়, মো. সাইদুর রহমান মাদ্রাসায় আসেনি। এরপর সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ সাইদুর রহমানের বাবা বলেন, বর্তমানে আমাদের পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

ছোটবগী মোহাম্মদীয়া দারুসসুন্নাত হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মো. ইদ্রিস হাওলাদার বলেন, কোরবানির ঈদের ছুটির পর আমাদের ছাত্র মো. সাইদুর রহমান এখন পর্যন্ত মাদ্রাসায় আসেনি। তার পরিবার জানিয়েছে মো. সাইদুর রহমান নিখোঁজ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মিলন বলেন, ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। একইসঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর রাখছেন।