• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২৬, ১৮:৫৮ অপরাহ্ণ
যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাহবুব আলম বাবু রাড়ী (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মো. বজলুর রশিদ বয়াতী (৩৮) মেহেন্দিগঞ্জ থানাধীন সাদেকপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক বয়াতীর ছেল।

 

রবিবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান পিপিএম সেবা। এরআগে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর সদর কোম্পানির সদস্যরা ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানাধীন হরিণচরন রায়সড়ক এলাকায় অভিযান চালিয়ে মো. বজলুর রশিদ বয়াতীকে গ্রেপ্তার করে।

 

র‌্যাব জানায়, মাহবুব আলম বাবু রাড়ী (২৯) মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের বাসিন্দা দুলাল রাড়ীর ছেলে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে গত ১৮ জুন মেহেন্দীগঞ্জ থানাধীন পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাহবুব আলম রাড়ীর ভোগদখলীয় জমিতে দোকানঘর উত্তোলনে বাঁধা দেয় গ্রেপ্তারকৃত অভিযুক্ত বজলুর রশিদ বয়াতীসহ অন্যান্য অভিযুক্তরা। তারই ধারাবাহিকতায়, গত ২৩ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেন্দীগঞ্জ থানাধীন চুনারচর ৮ নং ওয়ার্ডস্থ আক্তার পোদ্দারের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হাতুড়ী, কাঠের লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রেফতারকৃত বজলুর রশিদসহ অন্যান্য অভিযুক্তরা মিলে দলবদ্ধ হয়ে অবস্থান নেয়। পরবর্তীতে মাহবুব আলম বাবু রাড়ীর ওপর এলোপাতাড়িভাবে আক্রমণ করে এবং পিটিয়ে গুরুত্বর আহত করে।

 

ভিকটিমের ডাকচিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজনসহ স্বজনরা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে মাহবুব আলম বাবু রাড়ীকে উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ২৪ জুন ভোর সোয়া ছয়টার দিকে ভিকটিম মাহবুব আলম রাড়ীকে (২৯) মৃতবলে ঘোষনা করেন।

 

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে। উল্লেখ্য, এরআগে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মামলার অপর আসামি জাহাঙ্গীর হোসেনকে (৫৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।