• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেতাগীতে জাল জন্মসনদ তৈরির অভিযোগে তথ্য উদ্যোক্তা জেল হাজতে

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪, ১৯:০৯ অপরাহ্ণ
বেতাগীতে জাল জন্মসনদ তৈরির অভিযোগে তথ্য উদ্যোক্তা জেল হাজতে

বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের উত্তর করুণা গ্রামের ফরিদ আহমেদ মাতুব্বরের ছেলে মো. আরিফুর রহমান মাতুব্বরকে জন্ম নিবন্ধনের জালসনদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

তিনি জেলার মোকামিয়া ইউনিয়নের তথ্য উদ্যোক্তা পদে চাকুরি করতেন। উপজেলা প্রশাসন সূত্রে থেকে জানা গেছে, গত বুধবার (২৩ অক্টোবর) বিকেলে মোকামিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে যান ইউএনও।

এ সময় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তার কাছে জন্মনিবন্ধন কার্যক্রম সম্পর্কে জানতে চান। উদ্যোক্তা আরিফুর রহমানের কম্পিউটার তল্লাশি করে চাঁদপুর, ফেনী, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকার ১৯৯টি জাল জন্মনিবন্ধনের কাগজ খুঁেজ পান।

এছাড়া এসময় ও প্রক্রিয়ারত আরো ৩১৪টি কাগজ পাওয়া যায়। চলতি অক্টোবর মাসের ৫ তারিখের মধ্যে মোকামিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব ও চেয়ারম্যানের আইডি ব্যবহার করে এসব জন্মনিবন্ধনের সনদ তৈরি করেন ইউনিয়নের পরিষদের তথ্য উদ্যোক্তা আরিফুর রহমান মাতুব্বর।

উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্য উদ্যোক্তাকে জিজ্ঞাসাবাদে অল্প সময়ে কিভাবে জন্মনিবন্ধন সনদ তৈরি করা হয়েছে, এ বিষয়ে কোনো সঠিক জবাব দিতে পারেননি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে তাঁকে আটক করে বেতাগীর থানা পুলিশ। পরে সাইবার নিরাপত্তা আইনে ২০২৩ এর ১৭(২)(ক)/১৮(২)(খ)/২২(২)/৩৩ ধারায় মামলা হয়।

যাদের নামে জন্মনিবন্ধন হয়েছে, তারা বাঙালি না রোহিঙ্গা তা নিশ্চিত হতে পারেনি উপজেলা প্রশাসন। ইতিমধ্যে এসব জন্মনিবন্ধন বাতিলের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মাকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, ‘জাল জন্মনিবন্ধন তৈরি করার বিষয়টি আমার জানা ছিল না।

তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বরত ছেলেটি আমার ও সচিবের আইডি পাসওয়ার্ড কি ভাবে পেয়েছে জানিনা। ’ বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ বলেন, মোকামিয়া ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে জন্মনিবন্ধন তৈরির বিষয়টি সন্দেহজনক মনে হলে সেখানের দায়িত্বরত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং সাইবার নিরাপত্তা আইনে ২৪/১০/২০২৪ খ্রি. তারিখে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন,‘জন্মনিবন্ধন করা ব্যক্তিদের বর্তমান ঠিকানা ও জন্মস্থান বেতাগীতে নয়। ইতোমধ্যে ভূয়া জন্মসনদের ভিন্ন ভিন্ন ঠিাকানা ও জন্মস্থান রয়েছে।

এ সিন্ডিকেটের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, আরিফুর রহমান নামে এক আসামীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন,‘ আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।