বিডি ত্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিএমপি সদর দফতর সূত্রে জানা গেছে, মহানগরীর ৪টি থানা ও গোয়েন্দা (ডিবি) শাখার পৃথক পৃথক টিম নগরীর বিভিন্ন এলাকায় এই বিশেষ আভিযানিক কার্যক্রম চালায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ২০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৩ জন, পূর্বের নিয়মিত মামলায় ৫ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে (বিএমপি অ্যাক্ট) ৭ জনসহ সর্বমোট ১৭ জনকে গ্রেফতার করা হয়।
বিএমপি জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।