বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল আদালতপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বুধবার দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়।
মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার এসআই মুহাম্মাদ কামরুল হায়দার রুবাইয়াত বাদী হয়ে মামলাটি করেন।
ওসি আল মামুন উল ইসলাম বলেন, মামলায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশ ও সহায়তায় অন্তর্ঘাতী কার্যক্রমের মাধ্যমে জীবন ও সম্পত্তির ক্ষতিসাধনসহ অপরাধ সংঘটনের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, সেই রহস্য এখনো উদঘাটন হয়নি। তদন্ত চলছে।
দুই-একদিন পর হয়তো কিছু বলতে পারব।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটক থেকে প্রায় ১০ গজ দূরে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আদালত প্রাঙ্গণে থাকা লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিআইডি বরিশালের একটি ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কাদামাটি, কাদামাটিসহ বারুদ, বিস্ফোরিত বোমার কাচের পাঁচটি টুকরা, জর্দার কৌটার মুখ এবং বিস্ফোরিত বোমার প্যাকেজিং কাগজ উদ্ধার করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পরস্পর যোগসাজশ ও সহায়তায় অন্তর্ঘাতী কার্যক্রমের মাধ্যমে জীবন ও সম্পত্তির ক্ষতিসাধন এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে আদালত প্রাঙ্গণে একটি ১০ তলা ভবনের ক্ষতিসাধনের উদ্দেশ্যে বোমাটি রাখা হয়েছিল। বুধবার সকাল ১০টা ২৬ মিনিটে সেটি বিস্ফোরিত হয়ে আদালত প্রাঙ্গণে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণে বোমা রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।