• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে সাবেক কাউন্সিলরসহ আটক ৮

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৬, ১৬:২৮ অপরাহ্ণ
বরিশালে সাবেক কাউন্সিলরসহ আটক ৮

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বরিশাল নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর সহযোগী সংগঠনের আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত থেকে শুক্রবার (১৪ আগস্ট) ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শাকিল মাহমুদ পলাশ, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু, ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোরশেদ এবং জেলা ছাত্রলীগের সদস্য রাব্বি। এ ছাড়া রাফে রাইডার রাব্বিসহ আরও চারজনকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, ১৫ আগস্টকে কেন্দ্র করে নগরে বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করতে পারে এমন সন্দেহে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, ‘আটক ব্যক্তিরা নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

তবে আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের নামে বর্তমানে কোনো সচল মামলা নেই। আগের মামলাগুলোতে তারা জামিনে রয়েছেন। জামিনে থাকার পরও কেন বাড়ি থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হলো, সে বিষয়ে কোনো সদুত্তর পাননি বলে দাবি করেন স্বজনেরা।

পুলিশ জানায়, ১৫ আগস্ট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে।