বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে সরকারবিরোধী গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় আরও প্রায় ৪০-৫০ জন কর্মী পালিয়ে যায়।
শুক্রবার (২২ মে) ভোরে নগরীর ব্রজমোহন কলেজ সংলগ্ন মধু মিয়ার পুল এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ইমন ভূঁইয়া, রাতুল খান, জাকারিয়া মীর, আমিনুল ইসলাম ইমরান, মো. ইব্রাহীম, রিয়াদ খান, তানভীর ইসলাম, মো. রায়হান, মোরসালিন ও রবিউল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারবিরোধী ও নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনায় ওই এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে অভিযান চালানো হলে ১০ জনকে আটক করা সম্ভব হয়। তবে বাকি ৪০-৫০ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানে একটি রামদা, আওয়ামী লীগের ব্যানার এবং পোস্টার উদ্ধার করা হয়েছে।
বরিশাল মহানগর কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও তিনি জানান।