• ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৪, ২০২৬, ২০:৪১ অপরাহ্ণ
বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল নগরীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে নগরীর পলাশপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ।

নিহত মোছা. ময়না (৩০) ওই এলাকার বাসিন্দা মো. রুবেলের দ্বিতীয় স্ত্রী।

নিহতের ছোট বোন মোছা. সাথী অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় বোনের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়েছিল। তখন ময়না তাকে জানান, তার স্বামী রুবেল দুই ব্যক্তির সঙ্গে কুয়াকাটায় যেতে বলছেন। কিন্তু তিনি যেতে রাজি হননি।

সাথীর দাবি, এ ঘটনার পরই তার বোন আত্মহত্যা করেন। শনিবার ভোরে তিনি জানতে পারেন, তার বোনের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

ওসি সনজিৎ চন্দ্র নাথ বলেন, “প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। অনৈতিক কাজে রাজি না হয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। তবে বিষয়টি তদন্ত না করে নিশ্চিত বলা যাবে না।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।