• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

জেলা প্রশাসক মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, যুব সমাজের পাশাপাশি স্কুলের ছাত্ররাও মাদক সেবনে জড়িয়ে পড়ছে। মাদক শুধু একজন মানুষের জীবন ধংস করে না, বরং তার পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। তাদের মধ্যে নৈতিক অবক্ষয় বৃদ্ধি পায় এবং অপরাধপ্রবণতা দেখা দেয়।

তিনি বলেন, মাদকের হাত থেকে যুব সমাজ ও শিক্ষার্থীদের মুক্ত করতে নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে। এসময় স্কুল-কলেজে শিক্ষার্থীদেরকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন।

বরিশালের প্রতিটি মসজিদে সচেতনতামূলক বয়ান নিশ্চিতকরণে ইসলামী ফাউন্ডেশনের পরিচালকের উদ্দেশে তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি শুক্রবার নামাজের খুতবার মাধ্যমে মুসল্লিদের কাছে গুজব, সন্ত্রাস, নাশকতা, নারী নির্যাতন, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক এবং সামাজিক সম্প্রীতি বিষয়ে সচেতনতামূলক বয়ান প্রদান করতে হবে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজন রায় এর সঞ্চালনায় পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেলাল হোসাইনসহ অন্যান্য সামরিক বাহিনীর কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।