ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রিয়াদ নামে এক তরুণ বাঁচার আকুতি জানিয়ে ৯৯৯-এ কল করে নিজেই ফেঁসে গেছেন। বৃহস্পতিবার উপজেলার পংকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই তরুণ এক স্কুল ছাত্রীকে অপহরণ করে জেলা শহরে নিয়ে যায়। খবর পেয়ে ছাত্রীর বাবা তরুণকে খুঁজে বের করে মেয়েকে উদ্ধার করে। এরপর তাদের দুজনকে একটি বাড়িতে আটকে রাখেন ওই ছাত্রীর বাবা। পরে মান-সম্মানের ব্যাপার বিবেচনা করে মেয়েকে বিয়ে করার জন্য ওই তরুণকে চাপ দেন। আর চাপ থেকে মুক্তি পেতে ৯৯৯-এ কল দেয় ওই তরুণ।
পরে মেয়ের বাড়িতে গিয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহিম সুজন রিয়াদকে উদ্ধার করেন। এ সময় ছাত্রীর পরিবার তাদের মানসম্মানের বিষয়টি ইওএনওর কাছে জানান। পরে ইওএনও তাদেরকে থানায় পাঠান।
এ ব্যাপারে থানার ওসি মনসুর আহম্মাদ জানান, তারা দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। মেয়ের বাবা বাদী হয়ে ওই তরুণের নামে একটি অপহরণ মামলা করেছেন।
এ ব্যাপারে অপহরণ হওয়া ওই ছাত্রী জানান, রং নাম্বারের মাধ্যমে আমার সঙ্গে রিয়াদের পরিচয় হয়। সময়ের সাথে সাথে দু’জন দু’জনার প্রতি বিশেষ ভালোলাগা তৈরি হয়। ভালোবাসা ও দুর্বলতার সুযোগ নিয়ে রিয়াদ তাকে ময়মনসিংহে যেতে বলে। সেখানেই তাদের বিয়ে হবে বলেও জানায় রিয়াদ। কিন্তু ময়মনসিংহে যাওয়ার পরে সে বুঝতে পারে তাকে ফাঁদে ফেলা হচ্ছে। পরে বাবাকে বিষয়টি জানলে বাবা তাকে উদ্ধার করে রিয়াদকে সহ তাদের বাড়িতে নিয়ে গিয়েছিলেন।