• ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

নলছিটিতে ঘুষি মেরে কম্পিউটার অপারেটরের দাঁত ভেঙে দিলেন অধ্যক্ষ

বিডিক্রাইম
প্রকাশিত মে ১৯, ২০২৬, ১৭:২৩ অপরাহ্ণ
নলছিটিতে ঘুষি মেরে কম্পিউটার অপারেটরের দাঁত ভেঙে দিলেন অধ্যক্ষ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের এক কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকায় অবস্থিত প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এ ঘটনা ঘটে।

 

অভিযোগ অনুযায়ী, কলেজটির অধ্যক্ষ মো. হাফিজুর রহমান প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামানকে অফিস কক্ষে ডেকে নিয়ে মারধর করেন। এতে ওয়াহিদুজ্জামানের দুইটি দাঁত ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন।

ভুক্তভোগী মো. ওয়াহিদুজ্জামান জানান, গত বছরের কোরবানির ঈদের পর অধ্যক্ষ হাফিজুর রহমান তার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। পরে দীর্ঘ ৬-৭ মাস ঘোরানোর পর প্রায় তিন মাস আগে সেই টাকা পরিশোধ করেন। বিষয়টি কলেজের শিক্ষক ও স্টাফদের মধ্যে জানাজানি হলে অধ্যক্ষ ক্ষুব্ধ হন বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, সোমবার সকালে অধ্যক্ষ তাকে অফিস কক্ষে ডেকে টাকা ধার নেওয়ার বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তার মুখে কয়েকটি ঘুষি মারেন। এতে তার দুইটি দাঁত ভেঙে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

এ ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। এটা আমার ভুল হয়েছে। এ জন্য আমি দুঃখিত। কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিষয়টি ফয়সালা করবেন।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।