• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৮টি পেট্টাল বোমা উদ্ধার

আমতলীতে ছাত্রদলের মিছিলে বোমা হামলা, আহত ৪

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ১৯:৪৫ অপরাহ্ণ
আমতলীতে ছাত্রদলের মিছিলে বোমা হামলা, আহত ৪

আমতলী প্রতিনিধি॥ আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে আমতলী উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পেট্টোল বোমা হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় ছাত্রদলের চার নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে বায়েজিদ নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় আমতলী সদর রোডের মফিজ উদ্দিন তালুকদারের বাসভবনের সামনের সড়কে এঘটনা ঘটে।

ছাত্রদল এজন্য ছাত্রলীগকে দায়ী করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগ ভর্তি ৮টি পেট্টোল বোম উদ্ধার করেছে। জানা গেছে, আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে মঙগলবার রাত সাড়ে ৮টার দিকে আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোয়েব ইসলাম হেলাল ও সদস্য সচিব মো. ইমরান খাঁনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি সদর রোডের মফিজ উদ্দিন তালুকদারের বাসভবনের সামনের সড়কে আসা মাত্রই সড়কের পাশ থেকে ৭-৮ জনের একটি মুখোশধারী দল মিছিলের উপর বোমা হামলা করে।

বোমার শব্দ ছড়িয়ে পড়লে এলাকায় তখন আতঙ্ক দেখা দেয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বোমা হামলা কারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

বোমা হামলায় ছাত্র দলের বায়েজিদ, ইমন, মিরাজ ও আশ্রাফ আহত হন। এদের মধ্যে বায়েজিদকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যাগ ভর্তি আটটি পেট্টোল বোমা উদ্ধার করেছে। আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান খান বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সড়কের মফিজ উদ্দিন তালুকদারের বাড়ির সামনের সড়কে আসি।

এসময় ছাত্রলীগের মুখোশধারী ৭-৮ জন সন্ত্রাসী বাহিনী আমাদের মিছিলের উপর পেট্টোল বোমা মেরেছে। পরে আমরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

আমতলী উপজেলা ছাত্রদল সভাপতি মো. সোয়েব ইসলাম হেলাল বলেন, মিছিল বানচাল করতেই ছাত্রলীগের সন্ত্রাসীরা পেট্টোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মতিন খান বলেন, হয়রানি করতেই পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে পেট্টোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ব্যাগে ভর্তি কয়েকটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।