টাঙ্গাইলে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে টাঙ্গাইলের রসুলপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনায় আহত হয়েছে অটোরিকশার আরও দুই যাত্রী।
নিহত অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে যাত্রীর পরিচয় মিলেছে। তিনি হলেন— রসুলপুর গ্রামের দেবুলেস তালুকদার ভোলার স্ত্রী রেখা তালুকদার।
দুর্ঘটনায় রেখা তালুকদারের আত্মীয় পিংকি চক্রবর্তী ও তার ছোট ছেলে আহত হয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান, পূজা উপলক্ষে রেখা তালুকদার তার আত্মীয়কে নিয়ে টাঙ্গাইল শহর থেকে কেনাকাটা করে অটোরিকশায় রসুলপুর ফিরছিলেন। বেলা ২টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি রসুলপুর রেলক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটি রেলক্রসিংয়ের ওপর উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রী রেখা তালুকদার মারা যান। আহত হন অপর দুই যাত্রী পিংকি চক্রবর্তী ও তার শিশু সন্তান। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।