• ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

যৌন হয়রানির অভিযোগে পুলিশকে গণপিটুনি

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৯, ১২:১৩ অপরাহ্ণ
যৌন হয়রানির অভিযোগে পুলিশকে গণপিটুনি

বিডি ক্রাইম ডেস্ক ॥
রাজশাহী নগরের লক্ষীপুর এলাকা যৌন হয়রানির অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেয়।

গণপিটুনির শিকার ওই পুলিশ কনস্টেবলের নাম সাব্বির হোসেন। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পবা থানায় কর্মরত। তবে লক্ষীপুর কাঁচা বাজার এলাকায় তিনি বাসা ভাড়া নিয়ে বসবাস করে।

আরএমপির রাজপাড়া থানার এসআই হায়দার আলী খান জানান, ঘটনার সময় খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে গিয়ে সাব্বিরকে উদ্ধার করে। পরে স্থানীয় একটি ডায়াগনস্টির সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর পর তাকে রাজপাড়া থানা হেফাজতে নেয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে লক্ষীপুর কাঁচা বাজার এলাকায় গরমের কারণে এক নারী রাস্তায় ঘুরাফেরা করছিল। এ সময় ওই দিক দিয়ে যাওয়ার সময় সাব্বির ওই নারীর শরীরে হাত দেন। এ ঘটনার পর ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে সাব্বিরকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ গিয়ে সাব্বিরকে উদ্ধার করে। তাকে নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে একজন চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে সাব্বিরকে রাজপাড়া থানায় নিয়ে যায় পুলিশ।

রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, কনস্টেবল সাব্বিরের বিরুদ্ধে বিভাগীয় মামলা দিয়ে পুলিশ লাইনে দেয়া হয়। মামলার তদন্ত করে তার ব্যাপারে কর্মকর্তারা পরবর্তি সিদ্ধান্ত নেবেন। এছাড়াও যৌন হয়রানির শিকার ওই নারী মামলা করতে চাইলে সেটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হবে বলে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।