বিডি ক্রাইম ডেস্ক ॥ তৃতীয় বারের মতো বরিশালে পৌঁছেছে ভারতীয় পর্যটকবাহী জাহাজ। আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোরে ভাসমান পেয়ারা বাজার ও বাগান দেখতে আটঘর কুড়িয়ানা যাবেন পর্যটকরা।
রোববার (০৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় পর্যটকবাহী ’এম.ভি মহাবাহু’ নামে জাহাজটি বরিশাল কির্তনখোলা নদীর ষ্টীমার ঘাটে নোঙ্গর করে। এ নিয়ে এম. ভি মহাবাহু জাহাজের দ্বিতীয় সফর বাংলাদেশে।
খুলনার আংটিহারা এলাকা থেকে বাংলাদেশে প্রবেশ করে। এরপর মোংলা বন্দর হয়ে সুন্দরবন পরিদর্শন করেছে পর্যটকরা। এরপর সরণখোলা, কাউখালী হয়ে বরিশালে পৌঁছে জাহাজটি। আগামীকাল দুপুরে বরিশাল থেকে চাদপুর হয়ে নারায়নগঞ্জ ঢাকা এবং সব শেষে সিরাজগঞ্জ দিয়ে চিতলমারী হয়ে ভারতের গৌহাটি পৌঁছবে জাহাজটি।
২০ দিনের ভ্রমণের মধ্যে ১৩ দিন বাংলাদেশে থাকবে জাহাজটি। মোট ৮ জন পর্যটক রয়েছেন জাহাজে। এরমধ্যে ২জন আমেরিকান,২ জন কানাডিয়ান,২ জন ব্রিটিশ এবং ২ জন ভারতীয়। এছাড়াও ২৫ জন ক্রু আছে জাহাজটিতে। প্রতি পর্যটকের ২০ দিনের ভ্রমনে খরচ ভারতীয় ৬ লাখ রুপি। জাহাজে ৫ তারকা হোটেলের সকল সুবিধা রয়েছে। বাংলাদেশের সুন্দরবন, ভাসমান পেয়ার বাজার, ইলিশ বাজার, জামদানী বাজার সহ নানা হেরিটেজ এলাকা পরিদর্শন করবেন পর্যটকরা।
এর আগে, এই জাহাজ ২৯ এপ্রিল ভারতের আসাম থেকে যাত্রা শুরু করে ২ মে চিলমারী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। সে সময় জাহাজটিতে ১৩ জন পর্যটক ছিল। তখন জাহাজটি ৯ মে প্রথমবারের মত বরিশাল এসেছিল। তার আগে গত ৩ এপ্রিল বরিশালে প্রথম পর্যটকবাহী ভারতীয় জাহাজ বেঙ্গলগঙ্গা বরিশালে এসেছিল। গত ২৯ মার্চ ঐ জাহাজটি কোলকাতার খিজিরপুর থেকে যাত্রা করে এবং ৮ এপ্রিল ঢাকা থেকে কোলকাতার উদ্দেশ্যে ফিরে যায়।