স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বরগুনার বেতাগীতে ফুটবল খেলা কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে খেলা পন্ড হয়েছে। রবিবার বিকেল ৬টায় উপজেলার বিবিচিনি স্কুল এন্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। খেলাটি অমিমাংসিত অবস্থায় থেকে যাওয়ায় ভেন্যু পরিবর্তন করে মঙ্গলবার বেতাগী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুনঃরায় অনুষ্ঠিত হবে।
জানাগেছে, ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রিড়া প্রতিযোগীতা উপলক্ষে বিবিচিনি স্কুল এন্ড কলেজ মাঠ ভেন্যুতে ওই দিন বিকেলে বিবিচিনি হাই স্কুল বনাম ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয় সেমি ফাইনাল খেলা চলছিল। এ সময়ে খেলায় বিকাশ মাঃ বিঃ ২-০ কোলে এগিয়ে থাকে। নিশ্চিত পরাজয় জেনে খেলা শেষ হওয়ার ঠিক তিন মিনিট পূর্বে বিবিচিনি স্কুল এন্ড কলেজের খেলোয়াড়রা উদ্দেশ্য প্রনোদিতভাবে হঠাৎ হৈ চৈ শুরু করে। ভেন্যুর মাঠ পরিচালক ও শরীরচর্চা শিক্ষক মোঃ সোহেল রানা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা চেষ্টা করেও ব্যর্থ হয়।
প্রত্যক্ষদর্শিরা জানায়, এক পর্যায়ে মোঃ রাকিব, অনয় মন্ডল, মোঃ হাসিব, মোঃ ইমন, মোঃ রাসেল, মোঃ রুবেল, জাহিদুল ইসলাম, ফেরদৌস, ফারদিন সিকদার, নাঈম আকন, শাওন, প্রদিপ, আক্কাস, সোলেমান ও সফিক প্রতিপক্ষের খেলোয়াড়দের উপর হামলা করে মারধর শুরু করে। খোলোয়াড়রা মাঠে টিকতে না পেরে প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষে আশ্রয় নেয়। এ হামলায় সিফাত, সাকিল, সজল ও রনি নামের খেলোয়ড়ারা আহত হয়।
বেতাগী থানার পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে এ এস আই মোঃ বাপ্পী এর নেতৃত্বে পুলিশ আহতদের উদ্ধার করে তাদের নিজ বিদ্যালয়ে পৌঁছে দেয়।
ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন এ বিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট সোমবার দুপুরে এর সুষ্ঠু বিচার দাবি করে অভিযোগ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ আলী মোল্লা বলেন, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।