বিডি ক্রাইম ডেস্ক ॥ সারাদেশে বিশুদ্ধ ও নিরাপদ পানি নিশ্চিত করতে ৫২টি নতুন পরীক্ষাগার স্থাপন করার লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। পানির গুণগতমান পরীক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পটি চলতি সময় থেকে ২০২২ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে। এরজন্য ব্যয় ধরা হয় ১৭৮ কোটি ৫৬ লাখ টাকা।
আজ রাজধানীর শেরে বাংলানগরে এনইসিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এটি অনুমোদন পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, খুলনা, ঝিনাইদহ, রংপুর, বগুড়া, সিলেট, টঙ্গী, বরিশাল, নোয়াখালীতে ১২টি পানি পরীক্ষাগার রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে থাকা পরীক্ষাগার থেকে অনেক জেলার দূরত্ব বেশি হওয়ায় নিয়মিত নমুনা সংগ্রহ এবং পরিবহনে জটিলতা দেখা যায়। সেজন্য পানি পরীক্ষায় সঠিক ফল পাওয়া যায় না। নতুন করে ৫২টি পানি পরীক্ষাগার হলে সারা দেশে এর সুফল পাবে। তখন দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকেও পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার মাধ্যমে তার গুনগত মান সম্পর্কে জানা যাবে। ফলে দেশের মানুষ বিশুদ্ধ পানির নিশ্চয়তা পাবে।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যুগ্ম-প্রধান (ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন উইং-২) রেজাউল আযম ফারুকী বলেন, সারাদেশে ৫২টি নতুন পানি পরীক্ষাগার স্থাপন করবে সরকার। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার জন্য প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আওতাধীন পানি পরীক্ষাগারের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। নতুন পরীক্ষাগার স্থাপনের মাধ্যমে পানি পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম গতিশীলতা পাবে।