শামীম আহমেদ ॥
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠী গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে জনৈক নিতাই দাসের বাড়ীর কালী মন্দিরের মূর্তি ভাংচুর করে খালে ফেলে দিয়েছে অজ্ঞাত দুস্কৃতকারীরা। খবর পেয়ে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় শনিবার দুপুরে নিতাই দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সাকোকাঠী গ্রামের নিতাই দাস তার বাড়ীর পশ্চিম পাশের্^র পারিবারিক কালী মন্দিরে দীর্ঘদিন থেকে পূজার্চনা করে আসছেন। ঘটনার দিন শুক্রবার রাত তিনি (নিতাই) এগারটার দিকে মন্দিরের বাতি নিবিয়ে ঘুমাতে যান। শুক্রবার সকালে নিতাই দাসের স্ত্রী কল্পনা রানী দাস মন্দিরে পূজা দিতে গেলে মূর্তিকে পরানো শাড়ি, শাখা ও ফুলের মালা এলোমেলো অবস্থায় মন্দিরের মধ্যে পরে থাকতে দেখেন। একপর্যায়ে সাকোকাঠী খালে ভাংচুরকৃত মূর্তি দেখতে পেয়ে স্থানীয় ও থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ স্থানীয়দের সহায়তায় খাল থেকে ভাংচুরকৃত মূর্তিটি উদ্ধার করেন।
খবর পেয়ে শুক্রবার সকালে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, মূর্তি ভাংচুরের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় নিতাই দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।