• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ দুইজন আটক

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৯:০৮ অপরাহ্ণ
বরিশালে বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ দুইজন আটক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে সরকারিভাবে বরাদ্দকৃত অষ্টম ও নবম শ্রেণির বিনামূল্যের বই লাইব্রেরিতে বসে বিক্রি করতে গিয়ে এক শিক্ষকসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

বরিশাল নগরীর সদর রোডের অনামি লেনের একটি লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সদর উপজেলার কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম এবং ভ্যানচালক রুবেল খান।

রোববার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, ‘বইগুলো বিক্রির জন্য কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে আনা হয়েছিল। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত দুইজনকে আটক করা হয়েছে। এ সময় সরকারি বরাদ্দের ৩২৯টি বই উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক শিক্ষক শফিকুল ইসলাম সদর উপজেলার সিংহেরকাঠী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অপর আটক ভ্যানচালক রুবেল খান সদর উপজেলার সাহেবেরহাট এলাকার নরকাঠী গ্রামের নুর ইসলাম খানের ছেলে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

এসআই কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।