শামীম আহমেদ ॥ নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালুসহ ৪ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বরিশালে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করে তারা। প্রায় দুই ঘন্টা ব্যাপি চলা মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সে অ্যাসোসিয়েশনের বরিশাল নার্সিং কলেজের সভাপতি সৈকতুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, রিজন রায়, তপু, রায়হান খান, সাইদুর রহমান, রাজীব কুমার ম-ল, আফিয়া মারিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস ‘বিসিএস সেবা’ চালু, নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার টাকার ইন্টার্ন ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরণ ও ২ হাজার টাকার স্টাইপেন্ড ৫ হাজার টাকায় উন্নীত করা, সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃস্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবি জানান তারা। গত ৬ জুলাই থেকে দেশের ৭ নার্সিং কলেজে একযোগে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
এসময় বক্তারা ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।