• ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালের ঘটনায় বাস মালিক সমিতির সভাপতি কালু গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২১, ২০২১, ১৫:০৭ অপরাহ্ণ
বরিশালের ঘটনায় বাস মালিক সমিতির সভাপতি কালু গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় হামলার ঘটনায় বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শহরের রুপাতলী এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে হামলার ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি শনিবার দুপুর ১টার দিকে নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

তিনি জানান, বুধবার ঘটনার দিন ও পরের দিন ১৩ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুর পর্যন্ত অভিযানে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার দিনই বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ বাবু ও ব‌রিশাল জেলা বাস মি‌নিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউ‌নিয়নের সাধারণ সম্পাদক আহমেদ শাহ‌রিয়ার বাবুও রয়েছেন।

উপজেলা পরিষদ চত্বরে বুধবার রাতে ব্যানার খোলাকে কেন্দ্র করে নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার অভিযোগ এনে সিটি করপোরেশন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর গুলি ছোড়ে আনসার সদস্যরা।

এতে মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ ৩০ জন আহত হন।

পরে সিটি করপোরেশনের কর্মী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষুদ্ধ হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

এ ঘটনায় পুলিশ ও ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে আলাদা দুটি মামলা করেন। সেখানে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়। মোট আসামি করা হয় ৬০২ জনকে।