• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বরগুনায় বাড়ির সামনে সাবেক এমপিকে পিটিয়ে আহত

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৯:০১ অপরাহ্ণ
বরগুনায় বাড়ির সামনে সাবেক এমপিকে পিটিয়ে আহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনা-২ (পাথরঘাটা-বামনা) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৩টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভায় তাঁর নিজ বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে খাবার শেষে গোলাম সরোয়ার হিরু ব্যক্তিগত কাজে বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। বাসার সামনে পৌঁছালে আগে ওত পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হন তিনি।

হামলার শিকার গোলাম সরোয়ার হিরু বলেন, ‘আমি বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হতেই কয়েকজন দুর্বৃত্ত লোহার পাইপ দিয়ে আমাকে মারধর শুরু করে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৩ সালের উপ-নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন। সর্বশেষ ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে তিনি রাজনৈতিক মহলে আলোচনায় আসেন।