• ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে মুসলিম পরিচয়ে স্কুলছাত্রীকে বিয়ে, ব্যাংক কর্মকর্তা আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১৩:১৭ অপরাহ্ণ
পিরোজপুরে মুসলিম পরিচয়ে স্কুলছাত্রীকে বিয়ে, ব্যাংক কর্মকর্তা আটক

বিডি ক্রাইম ডেস্ক ॥ মুসলমান পরিচয় দিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলানোর পর বিয়ে করার অভিযোগে পিরোজপুরে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর পৌর এলাকার ইয়াছিনের পুল এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীটি।

আটক ব্যাংক কর্মকর্তার নাম বাদল কুমার রায়। ২৭ বছর বয়সী বাদল হুলারহাট এলাকার রূপালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। তিনি জেলার সদর উপজেলার পাড়েরহাট এলাকার বাদুরা গ্রামের শিতাংশু কুমার রায়ের ছেলে।

পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, গতকাল প্রতারক ওই যুবককে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন। ভুক্তভোগী স্কুলছাত্রী উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

ওই ছাত্রী জানায়, রূপালী ব্যাংক কর্মকর্তা বাদল নিজেকে মুসলিম পরিচয় দিয়ে এক বছর আগে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। বাদল তার নাম জানান বাদল শেখ। এক বছরের সম্পর্কের পর তিন দিন আগে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর ওই ছাত্রী জানতে পারেন বাদল মুসলমান নয়। পরে বিষয়টি জানালে স্থানীয়রা বাদলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, আটক ব্যাংক কর্মকর্তা বাদল থানা হাজতে রয়েছে। এ ব্যাপারে স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দিলে মামলা নেওয়া হবে।