পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী সদর উপজেলার বানিয়াকাঠীতে সরোয়ার হাওলাদারকে কুপিয়ে হত্যার প্রতিবাদে রবিবার (২৩ নভেম্বর) সকালে পটুয়াখালী ডিসি কোর্টের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। এ সময় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, এভাবে একজন মানুষকে কুপিয়ে হত্যার মতো ঘটনা ভয়াবহ। মৃত্যুর আগে সরোয়ার যে কয়েকজন হামলাকারীর নাম বলেছেন, তাদের অবিলম্বে আটক করে তদন্ত এগিয়ে নেওয়ার দাবি জানানো হয়।
এর আগে ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী বাজার এলাকায় কয়েকজন যুবকের সঙ্গে সরোয়ারের তর্ক বাধে। এক পর্যায়ে তারা দাঁ ও লোহার রড দিয়ে তার মাথা ও শরীরে একের পর এক আঘাত করে গুরুতর জখম করে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে পটুয়াখালী মেডিকেলে নিলেও অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
পরিবারের দাবি সরোয়ারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তিনি কয়েকজন যুবকের নাম উল্লেখ করেছেন বলে স্বজনরা জানান।
এ ব্যাপারে সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, আইনগত প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।