• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

টিভি দেখার জন্য ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯, ০৬:১২ পূর্বাহ্ণ
টিভি দেখার জন্য ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

বিডি ক্রাইম ডেস্ক ॥

ফরিদপুরের সদরপুরে চার বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ক্বারী আব্দুস সালামকে (৬০) আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ধর্ষণচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে ওই শিশুটির বাবা বাদী হয়ে সদরপুর থানায় মামলা করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সদরপুরের একটি মাদরাসা ও এতিমখানার এক শিক্ষকের চার বছরের শিশু কন্যাকে একই এলাকার ক্বারী আব্দুস সালাম শনিবার দুপুরে টিভি দেখার প্রলোভন দেখিয়ে তাকে মাদরাসার একটি কক্ষে নিয়ে যায়। পরে ওই কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। তার হাত থেকে বাঁচতে ওই সময় শিশুটি চিৎকার করে। তার চিৎকার শুনে মাদরাসার পার্শ্ববর্তী বাড়ি থেকে শিশুটির মা এগিয়ে আসলে আব্দুস সালাম পালানোর চেষ্টা করে। এ সময় শিশুটির মা ও স্থানীয় লোকজন আব্দুস সালামকে আটক করে।

শিশুটির বাবা বলেন, আব্দুল সালাম তার বাবার প্রতিষ্ঠিত মাদরাসাটি দেখাশোনা করেন। মাদরাসার পাশেই আমাদের বাড়ি। শনিবার দুপুরে আমার শিশু কন্যা মাদরাসায় গেলে তাকে টিভি দেখার কথা বলে ধর্ষণের চেষ্টা করে আব্দুল সালাম। পরে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কন্যা শিশুটিকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় পুলিশ আব্দুস সালামকে আটক করে।

সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান জানান, অভিযুক্ত আব্দুস সালামকে আটক করা হয়েছে। শিশুটিকে ধর্ষণচেষ্টার আলামতের রিপোর্টের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে শিশুটির বাবা মামলা করেছেন।