• ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

চরমোনাইতে সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫, ১৭:৩৭ অপরাহ্ণ
চরমোনাইতে সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত

বরিশালের কীর্তনখোলা নদীর তীরে ঐতিহ্যবাহী চরমোনাই বার্ষিক মাহফিলের তৃতীয় দিনে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের বৃহত্তম জুমার নামাজ। মাহফিল ময়দানে দেশি-বিদেশি লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পরিবেশ পুরোপুরি বদলে যায় এক আধ্যাত্মিক আবহে। সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও গুনাহ মাফের প্রত্যাশায় মুসল্লিরা কাতারে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় এবং মোনাজাতে অংশ নেন।

মাহফিলস্থলে ভিড় এতটাই বেড়ে যায় যে ঘাটে লঞ্চ ভেড়ানো কঠিন হয়ে পড়ে। ছোট ছোট ট্রলার, ইঞ্জিনচালিত নৌকা ও বিভিন্ন যানযোগে মুসল্লিরা ময়দানে পৌঁছান। এসময় আল্লাহর জিকিরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

জুমার নামাজের খুতবা পাঠ ও ইমামতি করেন শায়েখে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। দেশের বহু ওলামায়ে কেরামগণ এই জামাতে উপস্থিত ছিলেন।

আগামীকাল শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের মাহফিলের সমাপ্তি হবে।

উল্লেখ্য, ১৯২৪ সালে চরমোনাই মাহফিলের যাত্রা শুরু হয়। সময়ের ধারাবাহিকতায় এটি দেশের অন্যতম প্রধান আধ্যাত্মিকধারায় পরিণত হয়েছে। এই ধারারই প্রধান ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রাহিমাহুল্লাহ, যিনি ১৯৮৭ সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন—যা বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিত। দেশের আধ্যাত্মিকতা এবং রাজনীতির ক্ষেত্রেও চরমোনাই মাহফিল গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে।