• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

গৌরনদীতে ভারতীয় নাগরিকের মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯, ১৯:৫৬ অপরাহ্ণ
গৌরনদীতে ভারতীয় নাগরিকের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশালের গৌরনদীর পিত্রালয়ে বেড়াতে এসে বৃহস্পতিবার রাতে হটাৎ অসুস্থ্য হয়ে উত্তম কর (৬০) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পুলিশ ওই মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেম শেষে হিমাগারে রেখেছে।

জানাগেছে, উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের মৃত রাধিকা মোহন কর এর ছেলে উত্তম কর ভারতীয় নাগরিকত্ব নিয়ে গত ২৫ বছর ধরে ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলা সদরের কাঞ্চন নগর, পুরানো কৌলা’র রথতলা এলাকায় বসবাস করে আসছিলেন। গত ৪/৫ বছর পুর্বে তিনি কিডনি রোগে আক্রান্ত হন।

সম্প্রতি ভারতীয় চিকিৎসকগন জানিয়েছিলেন তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এর পর থেকে প্রতি সপ্তাহে একবার তার কিডনি ডায়ালোসিস করা হচ্ছিল। এ অবস্থায় তার ইচ্ছা জাগে বাংলাদেশে থাকা ভাই, বোন ও
আত্মীয় -স্বজনদের সাথে দেখা করার। ফলে গত ২২দিন পূর্বে তিনি বাংলাদেশে আসেন। এরপর তিনি উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের পিত্রালয়ে থাকা ছোটভাই গৌতম কর এর ঘরে ওঠেন। গত ২২দিনে তিনি বরিশাল শহরের কালিবাড়ি রোডের মমতা ক্লিনিক থেকে ৩বার কিডনি ডায়ালোসিস করান। এ কয়দিন তিনি বেশ সুস্থ্যই ছিলেন।

ছোটভাই গৌতম কর জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরে শরীরের প্রেসার বেড়ে গিয়ে তিনি হটাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় স্বজনরা তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা বে-গতিক দেখে সেখানে কর্তব্যরত চিকিৎসকগন দ্রুত তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ওই হাসপাতালের জরুরী বিভাগে ভর্তির পর রাত ১০টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সরোয়ার জানান, ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেম শেষে হিমাগারে রেখেছে। ভারতীয় দুতাবাসের মাধ্যমে তার স্ত্রী সন্তানদের খবর দেয়া হয়েছে। তারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।