• ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে ছাত্রীকে উত্যক্তের ঘটনায় মামলা

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯, ১৮:৪৪ অপরাহ্ণ
গৌরনদীতে ছাত্রীকে উত্যক্তের ঘটনায় মামলা

শামীম আহমেদ ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় বখাটে নাহিদ শেখকে (১৮) আসামি করে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের ওই ছাত্রীর বাবা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বাদি জানান, স্কুলে আসা-যাওয়ার পথে পার্শ্ববর্তী মাগুরা মাদারীপুর গ্রামের হিমেল শেখের পুত্র নাহিদ শেখ তার মেয়েকে বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করে আসছে। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও বখাটে নাহিদ তার মেয়েকে উত্ত্যক্তের মাত্রা আরো বাড়িয়ে দেয়। গত ৪ জুলাই দুপুরে স্কুল থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বখাটে নাহিদ ও তার সহযোগিরা পথরোধ করে তার মেয়েকে টানা হেচরা শুরু করে। এসময় তার মেয়ে ডাকচিৎকার শুরু করায় স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। বাড়িতে ফিরে বিষয়টি তার মেয়ে তাদেরকে জানায়। বখাটেদের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে অভিমান করে ওইদিন বিকেলে তার মেয়ে স্কুল ছাত্রী ঘুমের ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে তার মেয়ে বখাটের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ব্যাপারে ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে বখাটে নাহিদ শেখকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। আসামি নাহিদকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।