• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

হাওরে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যাংক কর্মকর্তা

admin
প্রকাশিত আগস্ট ২, ২০১৯, ২১:১৫ অপরাহ্ণ
হাওরে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যাংক কর্মকর্তা

কিশোরগঞ্জের করিমগঞ্জে বালিখলা ঘাট এলাকায় ধনু নদীতে গোসল করতে নেমে জাহিদ হাসান জিতু (২৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান জিতু টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভয়ার কুমুটজানি গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। তিনি ব্যাংক এশিয়ার ময়মনসিংহ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে হাওরে ঘুরতে আসেন ব্যাংকার জিতু। বিকেলে বালিখলা ঘাটে অপর তিন বন্ধুর সঙ্গে ধনু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। পরে সন্ধ্যার পর নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। রাতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।