বিডি ক্রাইম ডেস্ক ॥ পিরোজপুরের মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ-১১-৩৩৮২) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম কাদের হাওলাদার ক্যাদার (৪৮)। এসময় মোটরসাইকেল চালক হাবিব হাওলাদার (৩২) গুরুতর আহত হন।
জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বয়াতিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ক্যাদারকে মৃত ঘোষণা করেন ও আহত হাবিবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
নিহত ক্যাদার উপজেলার সূর্যমনি গ্রামের রত্তন আলী হাওলাদারের ছেলে ও দুই সন্তানের জনক। গুরুতর আহত হাবিব একই গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে। পুলিশ এ ঘটনায় ভাড়ায় চালিত এ্যাম্বুলেন্সটি ও চালক উপজেলার দেবত্র গ্রামের ইউসুফ আলীর ছেলে ফরিদকে (২৯) আটক করেছে।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, এ ঘটনায় এ্যাম্বুলেন্স ও ঘাতক চালক ফরিদকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।